জাতীয়
ধর্মকে ব্যবহার করে জাতীয় নিরাপত্তায় আঘাত হানলে ছাড় নয়: ধর্ম প্রতিমন্ত্রী
উচ্চকন্ঠ 30-Aug-2026 20
এফএনএস: ধর্মকে ব্যবহার করে বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার ওপর কোনো ধরনের আঘাত হানলে সরকার তা বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। তিনি বলেন, ধর্মবিষয়ক মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট একটি ধার্মিক গোষ্ঠীর নয়, এটি সব ধর্ম, মত ও পথের মানুষের। সব নাগরিকের নিজস্ব স্পেস এখানে রয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান: সার্বভৌমত্ব ও গণতন্ত্র শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ভিন্নমত ও সহাবস্থানের প্রতীক। তাঁর আপসহীন নেতৃত্ব এবং উদার মানসিকতা বাংলাদেশকে বারবার সঠিক পথ দেখিয়েছে। ৭১-এর চেতনা, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা ২৪-এর গণঅভ্যুত্থান-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ইতিহাসের ইতিবাচক ধারায় নেতৃত্ব দিয়েছে। রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ডান, বাম ও মধ্যপন্থি সব শক্তি এক হয়েছিল। এখন আমাদের দায়িত্ব সেই জাতীয় ঐক্য ধরে রাখা। সামান্য বিষয় নিয়ে জলঘোলা না করে ২৪-এর জুলাই যোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং বিগত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের বিচার দ্রুত শেষ করতে সরকারকে গঠনমূলক পরামর্শ দেওয়া উচিত।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাছির ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা।
office@ukantho.com