প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির স্বঘোষিত কমিটির সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
উচ্চকন্ঠ 10-Aug-2026 114
নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতি (নজরুল) এর স্বঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
জানা যায়, গত ২৫ জানুয়ারী সমিতির সদস্যদের উপস্থিতিতে এক সভায় শাহপুর ছোট ঘিঘাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুছ সোবহানকে আহ্বায়ক ও বানুড়িয়া বিসিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবকে সদস্য সচিব করে সমিতির একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। একই সভায় আগামী ৯০ দিনের মধ্যে সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
কিন্তু ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ উল্টো। সমিতির একাধিক সদস্য অভিযোগ করেছেন, বিগত আওয়ামীলীগ আমলে যে ভাবে সমিতির কমিটি গঠন হতো সেই একই ধারাবাহিকতায় গণতান্ত্রিক সরকারের আমলেও সমিতির কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক নিজেই সভাপতি ও সদস্য সচিবও নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে তার অনুগতদের নিয়ে কমিটি ঘোষণা করেছেন। ইতিমধ্যে একাধিক প্রধান শিক্ষকের সাথে আলাপ করে জানাগেছে তারা কমিটি গঠনের বিষয়ে কিছুই জানেন না। ইতিমধ্যে উক্ত কমিটির নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের অজান্তেই সমিতির সাধারণ তহবিলের প্রায় ২৫ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন। এরমধ্যে কয়েকজন শিক্ষক কর্মচারীর অবসরকালীন টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট অর্থ স্বঘোষিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক আত্মসাৎ করেছেন বলে শিক্ষকরা অভিযোগ তুলেছেন। এছাড়া ২০২৬ সালে সম্পূর্ণ বেআইনী ভাবে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে নোট বই চালানোর চুক্তিতে পাঞ্জেরী পাবলিকেশনের কাছ থেকে ৩৪ লক্ষ টাকা নগদ গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও ৬ লেন রাস্তার হুকুম দখলের ক্ষতিপূরণ বাবদ প্রায় কোটি টাকা পেতে যাচ্ছে কালীগঞ্জ শিক্ষক সমিতি। সাধারণ শিক্ষকরা অভিযোগ করেছেন যে, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে বই ধরানো, প্রশ্ন বিক্রি ও সমিতির সদস্যদের নিকট থেকে চাঁদা আদায় সহ ঘরভাড়া বাবদ লক্ষ লক্ষ টাকার ফান্ড রয়েছে যা ইতিমধ্যে বর্তমান কমিটির নেতৃবৃন্দ হাঙ্গরের মত গিলে খেয়ে ফেলছে। শিক্ষক/কর্মচারীরা অবসরে গেলে তারা সমিতি থেকে একটি নির্দিষ্ট টাকা পায়। ভবিষ্যতে এ টাকা পাওয়া নিয়েও অনিশ্চিয়তা দেখা দিয়েছে। সাধারণ শিক্ষকরা আগামীতে অবসরে যাওয়া শিক্ষকদের পাওনা টাকা পাওয়ার নিশ্চিয়তা, তহবিল তছরুপের টাকা উদ্ধারসহ দুর্নীতিবাজ নেতৃবৃন্দের বিচারের দাবি জানিয়েছেন।
office@ukantho.com