অন্যান্য
সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯
উচ্চকন্ঠ 07-Aug-2026 18
এফএনএস: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়কে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুর্ঘটনাস্থলে ৭ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। এই দুর্ঘটনায় কিশোরগঞ্জের বাউল শিল্পী পেহেলি ভৈরবী মারা গেছেন। ওসমানী মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে তিন বছর বয়সী শিশু ফাইজা ও তিতন নামে (২২) আরেকজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থলে মারা গেছে সাত জন। ঘটনাস্থলে মারা যাওয়াদর মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের ঢুলিয়ারপারের লক্ষীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) ও সিলেট নগরীর সোবহানিঘাটের বাসিন্দা প্রীতম দাশ (২২)। হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি রেজাউল করিম জানান, বেপরোয়া গতি ও ওভারটেকিং প্রবণতার কারণেই ওসমানীনগরে সড়কে প্রাণ ঝরলো তিন বছরের শিশুসহ ৯ জনের। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের সাত জন ঘটনাস্থলে এবং একজন ওসমানী হাসপাতালে মারা গেছে। ওসমানী নগরের সাংবাদিক কয়েস আহমদ জানান, দুর্ঘটনায় কিশোরগঞ্জের শিল্পী পেহেলি ভৈরবী মারা গেছেন বলে পুলিশ তাদের জানিয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। ঘটনার পর পরই শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়।
office@ukantho.com