প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে সীমান্ত মানবকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ
উচ্চকন্ঠ 02-Aug-2026 12
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সুপেয় পানির সংকট নিরসনে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানবকল্যাণ সংস্থা। সংস্থাটির নিয়মিত সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে মহেশপুর উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিউবওয়েলগুলো আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, এম এস জানা গ্রীন এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জহিউর রহমান, ইউপি সদস্য জাকির হোসেন, সীমান্ত মানবকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল হক এবং আজীবন সদস্য শামিনূর রহমান। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত মানবকল্যাণ সংস্থা নিবন্ধনের পর থেকেই মহেশপুরের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি এ ধরনের নিবন্ধিত সামাজিক সংগঠন এগিয়ে এলে প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণ সহজ হয়। শিক্ষা প্রতিষ্ঠানে টিউবওয়েল স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি পাবে, আর অসহায় পরিবারগুলোও নিরাপদ পানির সুবিধা ভোগ করবে। এমন মানবিক উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।
বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক নবচিত্রের সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন আজাদ বলেন, সমাজসেবামূলক উদ্যোগকে সংবাদমাধ্যম সবসময় উৎসাহিত করে। সীমান্ত মানবকল্যাণ সংস্থা সুপেয় পানির মতো মৌলিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সীমান্ত মানবকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সাব্বির হোসেন বলেন, মানবিক ও সামাজিক কার্যক্রম অতীতের মতো ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সম্পদের প্রাচুর্যে নয়, মানবিকতা ও সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। যতদিন বেঁচে থাকব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সেবায় নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব। যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে সীমান্ত মানবকল্যাণ সংস্থা সবসময় মানুষের পাশে থাকবে, ইনশাআল্লাহ।
office@ukantho.com