প্রিয় ঝিনাইদহ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ
উচ্চকন্ঠ 27-Jul-2026 9
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ এবং ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন স্থানে তা পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা নেতারা ভাস্কর্য অপসারণস্থল পরিদর্শন করেন। পরে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে ভাস্কর্যটি পুনঃস্থাপন এবং ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর সভাপতিমণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান এবং জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান জালাল।
বক্তারা বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, সড়ক দুর্ঘটনার অজুহাতে মুক্তিযুদ্ধের স্মারক অপসারণ বা ধ্বংসের যে কোনো উদ্যোগ স্বাধীনতার চেতনার পরিপন্থী।
সমাবেশে বক্তারা আরও বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস সংরক্ষণের কথা বলে। সে বিবেচনায় মুক্তিযুদ্ধের স্মারক ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো রক্ষা করা সরকারের দায়িত্ব। তাই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যটি দ্রুত সংস্কার করে পূর্বের স্থানে যথাযথ মর্যাদায় পুনঃস্থাপনের দাবি জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে শেষ হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান, সিপিবি জেলা সভাপতি স্বপন বাগচী, সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাসদ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের উদয় শংকর বিশ্বাস এবং বাসদ নেতা শারমিন সুলতানাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
office@ukantho.com