অপরাধ
খুবিতে ছাত্রী হলের শৌচাগারে গোপনে ভিডিও ধারণ, আটক ২
উচ্চকন্ঠ 23-Jul-2026 15
এফএনএস: খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ’২৪ হলের ছাত্রীদের শৌচাগারে গোপনে মুঠোফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হল ক্যানটিনের এক কর্মচারীকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে মারমুখী আচরণ এবং ভিডিও ছড়ানোর অভিযোগে তার স্ত্রীকেও আটক করা হয়েছে। গত বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে হলের গণরুম-সংলগ্ন ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মুঠোফোন ব্যবহার করে এক ছাত্রীর ভিডিও ধারণের চেষ্টা করা হয়। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী সহপাঠীদের জানান। খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের আবাসিক শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের জানালে হলের ক্যানটিনে কর্মরত ইমাম হাসান ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে হল প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং পুলিশকে খবর দেয়। হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, অভিযুক্ত ইমাম হাসান পিটুনির শিকার হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার স্ত্রীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অভিযোগ যে অভিযুক্ত ব্যক্তি গোপনে ছাত্রীদের ছবি ও ভিডিও ধারণ করতেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করার পর তার স্ত্রী ঘটনাস্থলে গিয়ে মারমুখী আচরণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এ কারণে তাকেও আটক করা হয়। বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া চলছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. তারেক বিন সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি।
office@ukantho.com