বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চকন্ঠ   15-Jul-2026   45

Photo

এফএনএস: আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশাসনিক আদেশে নয়, সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার এবং আদালতের রায় কার্যকর করা হবে। গতকাল বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। এর ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার সুযোগ তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা ও জনগণের প্রত্যাশিত গণতন্ত্র রক্ষার দায়িত্ব দেশের সর্বস্তরের মানুষের। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ও যেকোনও ষড়যন্ত্র রুখতে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য আরও সুদৃঢ় ও অটুট রাখতে হবে। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ বা বিচারের মুখোমুখি করার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কোনও প্রশাসনিক আদেশ বা নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। আমরা চাই, সম্পূর্ণ আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই সংগঠনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধন আনা হয়েছে। এর ফলে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কোনও সংগঠনকে বিচারের আওতায় আনার বিধান রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নুরেমবার্গ ট্রাইব্যুনালের উদাহরণ দিয়ে তিনি বলেন, নাৎসি বাহিনী ও গেস্টাপোর বিরুদ্ধে যেভাবে বিচারিক ব্যবস্থা নেওয়া হয়েছিল, বাংলাদেশেও রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে সংঘটিত হত্যাকাণ্ডের দায় সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠন এড়াতে পারে না। তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ ও দলটির নেতৃত্বের মধ্যে কোনও অনুশোচনা বা ক্ষমা প্রার্থনার মনোভাব দেখা যায়নি। বরং জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে দলটি রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। শেখ হাসিনার বিচার প্রসঙ্গে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল (গত মঙ্গলবার) সংসদেও আমি স্পষ্টভাবে বলেছিÑ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনও সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে এনে তাঁকে গ্রেপ্তার করা হবে এবং আদালতের রায় কার্যকর করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। স্বাগত বক্তব্য দেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

office@ukantho.com


Photo

কোন ব্যক্তি বিশেষের জন্য নয়, এলাকার জন্য টেকসই ও গণমুখী উন্নয়ন করতে চাই -অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কোনো ব্যক্তিবিশেষের উন্নয়ন নয়, বরং...

Photo

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে...

Photo

শৈলকুপায় পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে রাসায়নিক সারের চরম সঙ্কট, ফলন বিপর্যয়ের আশংকা

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় পেঁয়াজ আবাদের...

Photo

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন

এফএনএস: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত