প্রিয় ঝিনাইদহ
মৃগী রোগে অচেতন কলম সর্দার, সুযোগে রিকসাভ্যান নিয়ে উধাও দুর্বৃত্ত
উচ্চকন্ঠ 18-May-2026 35
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কালিচরনপুর এলাকায় মৃগী রোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন রিকসাভ্যান চালক কলম সর্দার (৪০)। আর সেই সুযোগে তার একমাত্র জীবিকার অবলম্বন রিকসাভ্যানটি নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় এক রিকসাচালক কলম সর্দারকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তাকে হাসপাতালে ভর্তি করিয়ে ওই ব্যক্তি চলে যান। সে সময় কলম সর্দারের স্বাভাবিক জ্ঞান ছিল না।
পরে কিছুটা সুস্থ হলে কলম সর্দার চিকিৎসকদের জানান, সকাল ৮টার দিকে শহরের কালিচরনপুর এলাকায় রিকসাভ্যান চালানোর সময় হঠাৎ তার মৃগী রোগের আক্রমণ শুরু হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয় কেউ তাকে হাসপাতালে নিয়ে এলেও তার রিকসাভ্যানটি আর খুঁজে পাওয়া যায়নি। খবর নিয়ে তিনি জানতে পারেন, তার অসুস্থতার সুযোগে দুর্বৃত্তরা ভ্যানটি নিয়ে পালিয়েছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন ঢালি জানান, কলম সর্দারকে কোনো চেতনানাশক ওষুধ দেওয়া হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থার সুযোগ নিয়েই কেউ তার রিকসাভ্যানটি চুরি করে নিয়ে গেছে। তবে বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা কলম সর্দারের রিকসাভ্যানটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
office@ukantho.com