সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল: সিইসি। ডিসেম্বর বা পরের মার্চে নির্বাচন: প্রেস সচিব

উচ্চকন্ঠ   24-Feb-2025   52

Photo

এফএনএস: আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সোমবার রাজধানীর ইটিআই ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন ডেমোক্রেসি আরএফইডি-র নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়ে সিইসি বলেন, আমাদের টার্গেট ডিসেম্বরে জাতীয় নির্বাচন। সেই হিসেবে আমাদের প্রায় দুই মাস হাতে সময় রেখে তফসিল ঘোষণা করতে হবে। আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব স্থানীয় সরকার সংস্কার কমিশনের এই পর্যবেক্ষণের বিষয়ে এ এম এম নাসির উদ্দিন বলেন, সংস্কার কমিশন পরামর্শ দিয়েছে জুনে সম্ভব। সেটি সম্ভব হবে যদি ১৬ লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ৩৫ লাখ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান করা হয়। ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে। সিইসি মনে করেন, স্থানীয় সরকার সংস্কার কমিশন যে বক্তব্য দিয়েছেন এটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। তারা বিজ্ঞ এবং জ্ঞানী লোকজন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক এ বিষয়ে একটি রাজনৈতিক বিতর্ক চলছে। নির্বাচন কমিশন তাতে জড়িত হতে চায় না। আগে ভোটার তালিকা হোক। সিইসি জানান, তারা আগেভাগে কোনো মন্তব্য করতে চান না। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। তিনি জানান, ভোটার তালিকা তৈরি এবং অন্যান্য প্রস্তুতি তারা নিচ্ছেন। সীমানা নির্ধারণের অনেকগুলো আবেদন ঝুলে আছে। আইনি জটিলতার কারণে তারা নিষ্পত্তি করতে পারছেন না। এই আইন সংশোধন করার জন্য তারা ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। আরও কিছু বিষয়ে সরকারের কাছে প্রস্তাব দেবে নির্বাচন কমিশন। যদি সংস্কার কমিশন গঠন করা না হতো তাহলেও এটি করতে হতো। নানান ধরনের রিলিফ বা ত্রাণের আশায় অনেক বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছেন। কক্সবাজার এলাকায় বাড়ি বাড়ি ভোটার তালিকা করতে গিয়ে এমন তথ্য পেয়েছেন বলে জানিয়ে সিইসি বলেন, আমরা রোহিঙ্গাদের ঠেকানোর চেষ্টা করছি। স্থানীয় অনেকে রোহিঙ্গা হয়েছে রিলিফের আশায়। স্বেচ্ছায় রোহিঙ্গা হয়েছে। রোহিঙ্গাদের সঙ্গে বিয়ে হচ্ছে। অনেক সময় স্বামী রোহিঙ্গা, স্ত্রী বাংলাদেশি। আবার স্ত্রী বাংলাদেশি, স্বামী রোহিঙ্গা। এমন তথ্য আমরা পাচ্ছি। সিইসি আরও বলেন, সুন্দর ভোটের জন্য ভোটার লিস্ট স্বচ্ছ করা দরকার। প্রায় ১৭ লাখ মৃত ভোটার তালিকায়। ওরাই কবর থেকে ভোট দিয়েছে। কবরবাসীও ভোট দিত। মৃত ভোটার আমাদের ধারণার বাইরে ছিল। অন্যদিকে ৩৬ লাখ ভোটার হতে পারে, এমন ব্যক্তিকে ভোটার করা হয়নি। এগুলো বাদ পড়ে যেত। সাংবাদিকদের সংগঠনগুলোতে সঠিক ভোট হয় জানিয়ে সিইসি বলেন, যদি সাংবাদিকদের মতো নির্বাচন করতে পারতাম, ভালো হতো। সাংবাদিকদের সংগঠনের ভোটে কোনো ঝামেলা নাই, কারচুপি নাই, অভিযোগও নাই। আমরা অবাধ তথ্যপ্রবাহ চাই। এ এম এম নাসির উদ্দিন জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার দরকার বলে কমিশন মনে করে সেটুকু করার উদ্যোগ তারা নিয়েছেন। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, তারা মনে করছেন ডিসেম্বর আসতে আসতে এই পরিস্থিতি স্থিতিশীল হবে। সবার সহযোগিতা নিয়ে তারা এমন একটি জোয়ার সৃষ্টি করবেন যেখানে ভোট ছাড়া মানুষের আর কোনো চিন্তা থাকবে না।
আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে নির্বাচন: প্রেস সচিব
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে মর্মে সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুক‚ল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। এদিকে সরকারের প্রত্যেকটি দপ্তরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান প্রেস সচিব। সকল দপ্তরে দ্রুততম সময়ে ই-ফাইলিং চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

office@ukantho.com


Photo

৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

এফএনএস: পারিবারিক বিরোধের জের ধরে নরসিংদীর পাইকারদিতে ৩ মাসের এক শিশুকে...

Photo

আত্মগোপন থেকে বাড়িতে ঈদ করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার ঘটনায় ডিএমপির শাহবাগ...

Photo

গুমের শিকার বাবার সন্তানের কান্না দেখে কাঁদলেন তারেক রহমান

এফএনএস: ‘আমি আর আমার ভাই -বাবাকে কি কোনোদিন জড়িয়ে ধরতে পারবো না’?-...

Photo

গাজায় স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন : ডব্লিও¬এইচও

এফএনএস বিদেশ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আগামী পাঁচ থেকে সাত বছরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত