প্রিয় ঝিনাইদহ
ছয়লেন প্রকেল্পের দীর্ঘসুত্রিতায় বাড়ছে জনদুর্ভোগ ঝিনাইদহ-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
উচ্চকন্ঠ 02-Mar-2026 62
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহ আলহেরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, বিশিষ্ট মহিলা ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান, সহ-সভাপতি মো আব্দুর সবুর, সহ-সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না।
বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কটি দীর্ঘদিন সংস্কারহীন থাকায় খানাখন্দে ভরে গেছে। কোথাও কোথাও সড়কের কার্পেটিং উঠে গিয়ে তা মেঠোপথে পরিণত হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ সাধারণ যানবাহনকে। যাত্রীদের দুর্ভোগও চরমে পৌঁছেছে।
উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম অভিযোগ করেন, মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন প্রক্রিয়া খুবই হতাশাজনক। তিন বছরে মাত্র ২% অগ্রগতি হয়েছে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে ঈদের পর মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ঝিনাইদহ–যশোর মহাসড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
office@ukantho.com