মঙ্গলবার | ২ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

উত্তরায় বাসায় কাজে এসে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচন করল পিবিআই

উচ্চকন্ঠ   22-Feb-2026   50

Photo

এফএনএস: রাজধানীর উত্তরায় গৃহকর্মী সেজে বাসায় ঢ়ুকে বৃদ্ধ দম্পতিকে কড়া মাত্রার চেতনানাশক ওষুধ খাইয়ে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনায় গৃহকর্ত্রীর মৃত্যু হয়। সম্পূর্ণ ‘ক্লু-লেস’ বা সূত্রহীন এই হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত গৃহকর্মী বিলকিস বেগম (৪০) ও চোরাই স্বর্ণের ক্রেতা জুয়েলারি দোকান মালিক রবিউল আউয়ালকে (৫৩)। রোববার সকালে রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের ভাঙ্গা মসজিদে পিবিআই আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রো (উত্তর)-এর এডিশনাল ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১৪ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা এক নারী মাসিক ৫ হাজার টাকা বেতনে উত্তরা পশ্চিম থানার একটি বাসায় গৃহকর্মীর কাজ নেন। কেয়ারটেকারের কাছে নিজের নাম ‘মমতাজ’ এবং বাসার সদস্যদের কাছে ‘মারুফা’ পরিচয় দিলেও তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ঠিকানা পরে দেবেন বলে জানান। এর তিন দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে বাসার মালিকের স্ত্রী ও সন্তান বেড়াতে গেলে বাড়িতে শুধু বৃদ্ধ দম্পতি আয়শা আক্তার (৬২) ও আনোয়ার হোসেন (৬৮) অবস্থান করছিলেন। সন্ধ্যায় তাদের বড় ছেলে মো. জাকারিয়া হোসেন ফোনে বাবার অসংলগ্ন কথা শুনে বাসায় গিয়ে দেখেন, তার মা বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছেন এবং বাবা অসুস্থ হয়ে কাতরাচ্ছেন। তাদের দ্রুত লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। আনোয়ার হোসেন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। পিবিআই জানায়, পরিবারের সদস্যরা বাসায় ফিরে দেখেন ঘর এলোমেলো এবং গৃহকর্মী নিখোঁজ। বাসা থেকে ৫ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালংকার, অন্য কক্ষ থেকে আরও ৬ ভরি স্বর্ণ এবং আলমারি থেকে নগদ এক লাখ টাকা চুরি হয়েছে। পাশের বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১৭ ফেব্রুয়ারি সকাল ৮টা ৫৬ মিনিটে ওই নারী বাসায় প্রবেশ করেন এবং দুপুর আড়াইটার দিকে একটি পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যান। তদন্তে জানা যায়, বিলকিস বেগম পানির সঙ্গে ১০টি চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই দম্পতিকে খাইয়েছিলেন। অতিরিক্ত মাত্রায় ওষুধ প্রয়োগের ফলেই আয়শা আক্তারের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার ছেলে বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং-২৭) দায়ের করেন। এডিশনাল ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ ক্লু-লেস। তবে আধুনিক প্রযুক্তি ও পূর্বের মামলার তথ্যভাণ্ডার (ডেটাবেজ) বিশ্লেষণ করে বিলকিসকে শনাক্ত করা হয়। বিভিন্ন থানার পুরাতন মামলা থেকে তার ছবি সংগ্রহ করে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দেখালে তারা তাকে চিনতে পারেন। এরপর পিবিআইয়ের একাধিক দল ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গাজীপুর চৌরাস্তার আউটপাড়া এলাকা থেকে বিলকিসকে গ্রেপ্তার করে। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা জানান, বিলকিস বেগম পেশাদার অপরাধী। তিনি বিভিন্ন ছদ্মনামে ঢাকার বিভিন্ন এলাকায় গৃহকর্মী সেজে চেতনানাশক প্রয়োগ করে চুরি করে আসছিলেন। খিলক্ষেত, শেরেবাংলা নগর, ভাটারা ও হাতিরঝিলসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া অন্য আসামি রবিউল আউয়াল শেরপুর জেলার বাসিন্দা হলেও গাজীপুরে ব্যবসা করতেন। বিলকিস তার কাছেই চোরাই স্বর্ণ বিক্রি করেছিলেন বলে তিনি স্বীকার করেছেন। বিলকিসের কাছ থেকে নগদ ৬ হাজার ৩০০ টাকা ও ওষুধের খালি পাতা উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে নাম-ঠিকানা ও এনআইডি যাচাই, মোবাইল নম্বর সংগ্রহ, ছবি সংরক্ষণ এবং স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়ার জন্য নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন পিবিআইয়ের এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

নতুন কুঁড়িতে ঝিনাইদহের মালিহা তাসনিমের খুলনা বিভাগে সাফল্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কিশোরী মালিহা তাসনিম বাংলাদেশ...

Photo

সাংবাদিক অপহরণ-নির্যাতন: সব পদ হারালেন ছাত্রদল নেতা

এফএনএস: সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনার কামারখন্দ উপজেলাধীন...

Photo

নড়াইলে ট্রেন চালু হবার পর কাটা পড়ে প্রথম মৃত্যু

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা...

Photo

ভোট কর্মকর্তারাই কেন্দ্রে মোবাইল নিতে পারবেন না: ইসি

এফএনএস: ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত