অন্যান্য
চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
উচ্চকন্ঠ 18-Feb-2026 53
এফএনএস: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা হলেন-মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)। স্বজনরা জানান, বাড়ির প্রায় ৫০০ গজ উত্তরে তাদের নতুন ভিটা বাড়িতে সেচের জন্য শ্যালো মেশিন দিয়ে পানি তোলার প্রস্তুতি চলছিল। এজন্য রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটির তার থেকে সরাসরি সংযোগ নেওয়ার চেষ্টা করছিলেন রাসেল। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে ছেলেকে রক্ষা করতে গিয়ে আমেনা বেগম রিনাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন। মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে মনে হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
office@ukantho.com