জাতীয়
দুপুরে রিমান্ড আদেশ, সন্ধ্যায় জুলাইযোদ্ধা সুরভীর জামিন
উচ্চকন্ঠ 05-Jan-2026 77
এফএনএস: গাজীপুরে গ্রেপ্তারকৃত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী মামলার তদন্তের জন্য পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। পরে সুরভীর মুক্তির দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ করে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-শ্রমিক-জনতা। এরপর সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়, সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ওই পেজে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার তাহরিমাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তিনি জানান, পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশনের আবেদন করা হয়। বিজ্ঞ জেলা জজ আদালত-১-এ রিভিশন শুনানি হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। প্রসঙ্গত, ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
office@ukantho.com