অপরাধ
কুষ্টিয়ায় শ্বশুরবাড়ির উঠানে পড়েছিলো জামাতার লাশ
উচ্চকন্ঠ 31-Dec-2025 65
এফএনএস: কুষ্টিয়ার মিরপুরে রানা আহম্মেদ (৩৫) নামে এক রাজমিস্ত্রির লাশ তার শ্বশুরবাড়ির উঠানে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে লাশের ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রানা আহম্মেদ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দারপাড়ার আসান আলীর জামাতা। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসাবে বসবাস করতেন। মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার রাতে স্থানীয় রানা আহম্মেদ নামে এক ব্যক্তির লাশ তার শ্বশুরবাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। নিহতের বাম চোখে রক্তের চিহ্ন রয়েছে। পুলিশ বুধবার সকালে লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তাৎক্ষণিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
office@ukantho.com