রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা মুক্তি পেতে পারে না: বিএনপি
উচ্চকন্ঠ 31-Dec-2025 64
এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মুক্তি পেতে পারে না বলে মনে করে বিএনপি। বুধবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজার আগে দলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী নজরুল ইসলাম খান লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, দেশের রাজনৈতিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যাক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরেরও বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে খালেদা জিয়া দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। দেশবাসী সাক্ষী হলো, পায়ে হেঁটে যিনি কারাগারে প্রবেশ করেছিলেন; নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ-বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তী সময়ে গৃহবন্দিত্বের চার বছর বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পায় এবং তার ফলশ্রুতিতে অবশেষে মৃত্যুর কাছে হার মানতেই হলো এই অপরাজেয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনও মুক্তি পেতে পারে না- বলেন নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম উল্লেখ করেন, গণতন্ত্রের মাতা ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। নজরুল ইসলাম খান বলেন, রাজনীতিতে বেগম খালেদা জিয়ার আগমন ছিল আকস্মিক। তবে আসা ছিল অনিবার্য। ১৯৮২ সালের ৩ জানুয়ারি থেকে দলের সদস্য পদ নিয়ে অনিশ্চল পথচলা শুরু করেন। দলের প্রতিষ্ঠাতার স্ত্রী হলেও তিনি দলের নিয়ম অনুযায়ী নেতৃত্বে আসেন। তিনি ছিলেন আপসহীন। দেশের বাইরেও বেগম জিয়া ছিলেন সমান শ্রদ্ধার পাত্র। তিনি সব সময় একাধিক আসনে নির্বাচিত হয়েছিলেন। তার মতো জনপ্রিয়তা বিশ্বের কোনো নেতার নেই। নজরুল ইসলাম খান বলেন, বিএনপির চেয়ারপারসন ছিলেন এক মহিমান্বিত নেত্রী। তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তার মৃত্যুতে গোটা জাতি মুহ্যমান হয়ে পড়ে। তিনি ফুল পছন্দ করতেন। তাই তার জীবন ছিল সুশোভিত। সব সময় ছিলেন পরিপাটি। তিনি বলেন, এরশাদ ও শেখ হাসিনার সময় তাকে বিভিন্নভাবে হয়রানি করেছে। আজ তিনি সব কিছু থেকে মুক্ত হয়ে চির দিনের জন্য চলে যাচ্ছেন। আর যারা তাকে মিথ্যা মামলা দিয়েছেন, তারা রান্না করা খাবারও খেতে পারেননি। তাদের ওপর ফাঁসি হুলিয়া চলছে। তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিবিদদের অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি ছিলেন দেশপ্রেমিক। বলেছেন বিদেশে তার কোনো বাড়ি নেই। দেশই আমার আসল ঠিকানা। তাই দেশেই তার মৃত্য হয়েছে।
office@ukantho.com