জাতীয়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ
উচ্চকন্ঠ 12-Dec-2025 62
এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানী বিজয়নগরের কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদীকে গুলি করে অস্ত্রধারীরা। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ সাংবাদিকদের জানান, শরিফ ওসমান হাদীর অবস্থা গুরুতর। তার মাথায় গুলি লেগেছে। তিনি এখন কোমায় (গভীর অচেতনাবস্থায়) আছেন। এদিকে ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেক হাসপাতালের সামনে জড়ো হন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীরা। হামলাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। জানা যায়, রাজধানীর বিজয়নগর-ফকিরাপুলের মাঝামাঝি কালভার্ট রোড এলাকায় রিকশায় ছিলেন শরিফ ওসমান বিন হাদী। তার সঙ্গে ছিলেন আরও একজন। হঠাৎ মোটরসাইকেলযোগে দুইজন এসে শরিফ ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। প্রাথমিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে অস্ত্রধারীদের গুলি করার বিষয়ে এমনই তথ্য দিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদীসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদীকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।
office@ukantho.com