প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত
উচ্চকন্ঠ 29-Nov-2025 53
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলায় ও হরিনাকুন্ডু উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী সহ দুইজন নিহত হয়েছে। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না পার্কের সামনে মোটরসাইকেলের ধাক্কায় কদে বেগম (৫০) নামে এক নারী নিহত হন। এছাড়া হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে আরেকজন নিহত হন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে ও একই দিন বিকালে হরিণাকুণ্ডু উপজেলার তৈলটুপি বাজার এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহত কদে বেগম শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী। অপর নিহত রবজেল মৃধা হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের হরিয়ার ঘাটা গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানা পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভা এলাকার চরমুরারিদহ গ্রামে আসেন কদে বেগম। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার কাজ চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ দিকে শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। উপজেলার তেলটুপি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকালে কৃষক রবজেল বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলটুপি ব্রিজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক রবজেল মৃধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হরিণাকুণ্ডু থানায় নিয়ে গেছে পুলিশ।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। আইনিপ্রকৃয়ার মাধ্যমে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
office@ukantho.com