জাতীয়
নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
উচ্চকন্ঠ 04-Nov-2025 46
এফএনএস: রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। নির্বাচনে যদি পুলিশ কোনো দলকে বিশেষ সুবিধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি করেছি আমরা। কারো কোনোরকম নেগলিজেন্স থাকলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে যেমন জিডি করে রাখা হতো শুধু কিন্তু এবার সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। পুলিশের প্রতি কি নির্দেশনা থাকবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের প্রতি আমার নির্দেশনা হচ্ছে নির্বাচন হতে হবে, ফ্রি ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। পুলিশের কেউ এসবের সঙ্গে জড়িত থাকলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনীতে এখনই সেই পাওয়ার আছে এবং নির্বাচন এলে বন্ধ হবে কিনা সেই প্রশ্ন তখনই করতে বলা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। ছোটখাটো যে সমস্যা আছে, তা সমাধান করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক ও নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। তবে আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বাধিক আলোচনা হয়েছে। বিভিন্ন সীমান্ত সমস্যার ব্যাপারেও আলোচনা হয়। এছাড়া লুট হওয়া অস্ত্র কীভাবে দ্রুত উদ্ধার করা যায়, সে বিষয়ে সভায় আলোচনা হয়েছে বলেও জানান তিনি। গত সোমবার বিএনপির প্রার্থীদের তালিকা প্রকাশের পর কয়েকটি জায়গায় ছোটখাটো কিছু ঘটনা ঘটেছে, সে বিষয়েও আলোচনা হয়েছে। মানবাধিকার সংগঠন অধিকার-এর রিপোর্ট অনুযায়ী, গেল ১৪ মাসে ৪০ টির বেশি বিচারবহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এবং বড় সংখ্যক মানুষ মবের শিকার হয়েছে-এ বিষয়ে নজরে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী বা অন্য কোনো বাহিনীর মাধ্যমে কিংবা সিভিলিয়ান দ্বারা যে কোনো হত্যাকান্ড হোক না কেন, প্রত্যেকটি বিষয় আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ফয়সালা করা হবে। উসকানিমূলক বক্তব্য কি দেশের বাইরে থেকে বেশি আসছে, নাকি দেশের ভেতর থেকে বেশি আসছে-কারা এসব বক্তব্য দিচ্ছে, তাদের চিহ্নিত করতে পেরেছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, উসকানিমূলক বক্তব্য দেশের বাইরে থেকে বেশি আসে। দেশের ভেতরে যারা এই ধরনের কাজ করে, পুলিশ তাদের আইনের আওতায় নিয়ে আসছে। তিনি বলেন, এ বক্তব্যগুলোর অনেক সময় সত্যতা থাকে না। কিন্তু সাংবাদিকদের বক্তব্য সত্য থাকে। সেজন্য সাংবাদিকদের অনুরোধ করব, উসকানিমূলক বক্তব্যগুলো সাংবাদিকরাই বেশি প্রতিহত করতে পারেন, যদি আপনারা সত্য সংবাদটি দেন। কোনো ধরনের সন্দেহ থাকলে সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করারও আহŸান জানান জাহাঙ্গীর আলম। যেসব অপরাধী বিদেশে আছে, তাদের দেশে প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বড় বড় পদে থাকা কমিশনারদের মতো ব্যক্তি এবং অন্যান্য অপরাধীদের যারা বিদেশে আছে, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে মিডিয়াকেও সোচ্চার হতে বলা হয়েছে। এ ব্যাপারে একটি এক্সট্রাডিশন ট্রিটি কার্যকর করার চেষ্টা চলছে। আলাদা পুলিশ কমিশন কবে হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাদা পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এর সুবিধা কী হবে, তা হওয়ার পরই জানানো হবে।
office@ukantho.com