সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জামায়াতের অফিসে মিলল সরকারি সার-বীজ: জামায়াতের দাবী ষড়যন্ত্র

উচ্চকন্ঠ   01-Nov-2025   55

Photo

এফএনএস: ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক কার্যালয় থেকে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ উদ্ধার করেছে সদর উপজেলা কৃষি অফিস। প্রণোদনার এসব সার-বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা থাকলেও রাজনৈতিক দলের কার্যালয়ে তা জমা করায় শুরু হয়েছে নানা গুঞ্জন ও সমালোচনা। তবে এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র রয়েছে বলে দাবি জামায়াত নেতাদের। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সুরাট বাজারে সুরাট ইউনিয়ন জামায়াতের কার্যালয় থেকে এসব সার ও বীজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৮ প্যাকেট সরিষার বীজ, ৪ বস্তা ডিএপি সার, ৪ বস্তা পটাশ সার, ১ বস্তা এমওপি সার ও ১৯ কেজি মসুর ডালের বীজ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার সন্ধ্যার পর সুরাট ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও কৃষকরা সুরাট বাজারে জামায়াতের কার্যালয়ে সরকারি প্রণোদনার সার বীজ মজুত রয়েছে- এমন অভিযোগ করে সদর কৃষি অফিসে। পরে সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবিব ঘটনাস্থলে পৌঁছান। ওই সময় ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মনোয়ারা খাতুনের নেতৃত্বে কৃষকরা বিক্ষোভ করতে থাকেন। পরে কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব জামায়াত কার্যালয় থেকে সার ও বীজ উদ্ধার করে সদর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসেন। অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনায়েদ হাবীব বলেন, সুরাট বাজারের স্থানীয় লোকজন আমাদের অফিসে ফোন করে অভিযোগ জানায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে সার ও বীজ উদ্ধার করে এনেছি। এসব সার ও বীজ কৃষকদের মাঝে বিতরণের কথা। রাজনৈতিক দলের কার্যালয়ে জমা করার নিয়ম নেই। আমরা যখন সার ও বীজ উদ্ধার করি তখন ঘটনাস্থলে ইউনিয়ন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সুরাট ইউনিয়ন জামায়াতের আমির ইকবাল হোসেন বলেন, ৬ জন কৃষক তাদের সার ও বীজ আমাদের কার্যালয়ে রেখে গেছে। শনিবার সকালে তারা এগুলো নিয়ে যাবে। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ এটিকে ভিন্ন রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় সদর উপজেলা কৃষি অফিসার মো. নূর এ নবী বলেন, ঘটনাটি শুনেছি। সরকারি সার ও বীজ কৃষকের মাঝে দ্রুত বিতরণ করার কথা। কোনো রাজনৈতিক কার্যালয়ে সাময়িক সময়ের জন্য মজুত রাখাও আইনের লঙ্ঘন। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেবো।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের দামোদরপুরে জামায়েত ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি

এফএনএস: রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে...

Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার...

Photo

চন্দ্রিমা উদ্যান আবারও জিয়া উদ্যান নামে পুনর্বহাল

এফএনএস: রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত