অন্যান্য
রাস্তা পারাপারের সময় বাসচাপায় মা-ছেলের মৃত্যু
উচ্চকন্ঠ 17-Sep-2025 54
এফএনএস: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দিনারপুর কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও তাদের চার বছরের ছেলে তৌকির আহমেদ। পুলিশ জানায়, অসুস্থ আত্মীয়কে দেখতে সৈয়দ আলী পরিবারসহ নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি দ্রুতগতির বাস মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান দুর্ঘটনায় দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
office@ukantho.com