অন্যান্য
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় মা-মেয়ে-বাবার মৃত্যু
উচ্চকন্ঠ 02-Sep-2025 54
এফএনএস: পথ চলতে গিয়ে একসঙ্গে শেষ হলো মা, মেয়ে ও বাবার জীবন। মাত্র সাত বছরের ফুটফুটে মেয়ে সুমাইয়া আর তার ২৫ বছর বয়সী মা আউলিয়া খাতুন ফিরতে পারলেন না ঘরে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা চকচকিয়া এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। পরিবারের তিন সদস্যের স্বপ্নভরা যাত্রা মুহূর্তেই থেমে যায় ট্রাকের চাকায়। ফরিদপুর থানার ওসি হাসনাত জামান জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে চাটমোহরের বাড়ির পথে যাচ্ছিলেন সোহেল রানা। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান মা–মেয়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সোহেল রানাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান সোহেল রানা। ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
একই পরিবারের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পৌলানপুর কবরস্থানে পাশাপাশি তিনটি কবর কাটা হয়েছে।
ওসি আরো জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।
office@ukantho.com