অপরাধ
বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
উচ্চকন্ঠ 07-Aug-2025 44
এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে দুলাল রুদ্র নামের একটি ব্যক্তি মারা গেছেন। উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশ শেখর হালদার জানিয়েছেন। দুলাল রুদ্রর বয়স হয়েছিল ৫৫ বছর। এ ঘটনার পরপরই দুলালের ছেলে তপন রুদ্রকে (২০) ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। পরিদর্শক সুধাংশ শেখর হালদার বলেন, আটক তপন এক সময় সেলুনে কাজ করলেও গত ছয়/সাত মাস ধরে বেকার। পাশাপাশি সে মাদকাসক্ত বলেও পরিবারের সদস্যরা জানিয়েছে। বিভিন্ন সময়ে টাকা চাওয়া নিয়ে বাবা ছেলের মধ্যে ঝগড়া হত। মঙ্গলবার সন্ধ্যায় তপন তার বাবার কাছ থেকে টাকা চায়। কিন্তু বাবা টাকা না দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয় তপন। দুই জনের কথাকাটাকাটির মধ্যে তপন ঘরে থাকা দা দিয়ে তার বাবা দুলালকে কুপিয়ে জখম করে। ওই সময় দুলালের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তপনকে ধরে ফেলে বলে জানিয়েছেন পুলিশ এই সদস্য। পরিদর্শক শেখর হালদার জানিয়েছেন, দুলালকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুলালের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তপন এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পরিদর্শক শেখর হালদার।
office@ukantho.com