প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্র নিখোঁজ, পরিবারে উদ্বেগ
উচ্চকন্ঠ 31-Jul-2025 75
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মোঃ রিফাত হোসেন (১৪) নামের এক অষ্টম শ্রেণির ছাত্র গত ২৮ জুলাই ২০২৫ বিকেল থেকে নিখোঁজ রয়েছে। সে উপজেলার ঈশ্বরবা গ্রামের মোঃ সাইদুল ইসলামের ছেলে ও বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রিক্যাডেট একাডেমি স্কুলের ছাত্র।
পরিবার সূত্রে জানা গেছে, ওইদিন বিকেল আনুমানিক ৫টার দিকে ঘোরাঘুরি ও খেলাধুলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রিফাত। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার সময় তার কাছে পিতার গচ্ছিত ৩০ হাজার টাকাও ছিল, যা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
রিফাতের বড় ভাই মোঃ ওমর ফারুক কালীগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, ঘটনার দিন রিফাতের সঙ্গে সিয়াম হোসেন (১৮) নামের এক যুবকের ঘনিষ্ঠতা দেখা যায়। সিয়াম কাশিপুর এলাকার বাসিন্দা এবং ঈশ্বরবা গ্রামের আব্দুল কাদেরের ভাগ্নে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়, সিয়াম ঐদিন কালীগঞ্জ থানাধীন রহমানিয়া মার্কেট এলাকায় রিফাতকে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে এবং রাত ১১টার দিকে রহমানিয়া আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থাও করে দেয়। এরপর থেকে রিফাতকে আর কোথাও দেখা যায়নি।
নিখোঁজ রিফাতের খোঁজে আত্মীয়স্বজনসহ পরিচিতদের বাড়িতে খোঁজ নিয়েও কোনো তথ্য না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রিফাতের পরিবারের সদস্যরা তার সুস্থ ও নিরাপদ ফিরে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
যদি কেউ রিফাত হোসেনের কোনো সন্ধান পেয়ে থাকেন, অনুগ্রহ করে তার বড় ভাই মোঃ ওমর ফারুকের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করুন: ০১৭৮৮৮৮৮৫৭৬।
office@ukantho.com