প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ‘সন্ত্রাসের প্রতীক’ শাহিনুর: স্টেডিয়ামের জায়গা দখলের চেষ্টা
উচ্চকন্ঠ 30-Jun-2025 112
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়ায় মো. শাহিনুর হোসাইন নামের এক ব্যক্তিকে ঘিরে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের ভাষায়, তিনি শুধু একজন ব্যক্তি নন — বরং ক্ষমতার অপব্যবহার, সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্মীয় অবমাননার প্রতীক হয়ে উঠেছেন।
সম্প্রতি তিনি প্রকাশ্যে সন্ত্রাসী ভঙ্গিতে স্টেডিয়ামের একটি ফাঁকা জায়গা দখল করতে যান, যেখানে বহুদিন ধরে সাধারণ মানুষ বাঁশ বিক্রি করে জীবিকা চালিয়ে আসছিলেন। সেই জায়গার আয়ের একটি অংশ স্থানীয় মসজিদে নিয়মিত দান করা হতো। অথচ, সেই সমাজসেবামূলক চর্চার ওপরও আঘাত হানেন শাহিনুর।
মসজিদ কমিটির পক্ষ থেকে যখন তার কাছে অনুদান চাওয়া হয়, তিনি তাদের প্রতি চরম অবমাননাকর ভাষা ব্যবহার করেন, গালিগালাজ করেন এবং বলেন, “আমি টাকা দেব না, তোরা যা পারিস কর।” এমন উদ্ধত আচরণে ধর্মপ্রাণ এলাকাবাসী বিস্মিত ও ক্ষুব্ধ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দখলের সময় শাহিনুর হোসাইন সশস্ত্র সাঙ্গপাঙ্গ নিয়ে মাঠে হাজির হন এবং কেউ প্রতিবাদ করলে তাকে ভয় দেখান, গালিগালাজ করেন এবং সন্ত্রাসী কায়দায় দমন করেন। এমন অবস্থায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।
স্থানীয় সূত্র আরও জানায়, অতীতে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তিনি বিভিন্ন অপকর্ম করেছেন। চাঁদাবাজি, জমি দখল, নিরীহ মানুষের ওপর হামলা — সবই ছিল তার নিয়মিত কর্মকাণ্ড। এক সময় দেশ ছেড়ে পালিয়ে যান বিদেশে। ফিরে এসে আবারও একই দৌরাত্ম্য শুরু করেছেন, এবার এমনকি মসজিদের পুকুরের মাছ পর্যন্ত চুরি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
এলাকাবাসীর প্রশ্ন — কতদিন ধরে একজন ব্যক্তি এভাবে দম্ভ দেখিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে? প্রশাসন কি নীরব দর্শক হয়ে থাকবে?
স্থানীয়দের জোরালো দাবি:এই ধরনের অপরাধী মানসিকতার লোকদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে শুধু আড়পাড়াই নয়, পুরো কালীগঞ্জ এক ভয়ংকর দখল-সন্ত্রাসের জালে আটকে যাবে।
office@ukantho.com