প্রিয় ঝিনাইদহ
বেগবতী নদীর উপর ব্রিজ নির্মাণে ধীরগতি: ভোগান্তিতে ২০ গ্রামের মানুষ
উচ্চকন্ঠ 24-Jun-2025 66
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই নম্বর জামাল ইউনিয়ন ও তিন নম্বর কোলা ইউনিয়নের মাঝ দিয়ে প্রবাহিত বেগবতী নদী। এই নদীর উপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন আগে ভেঙে ফেলায়। ভোগান্তিতে পড়েছে উভয় ইউনিয়নের অন্তত ২০ থেকে ২২টি গ্রামের মানুষ।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে পুরাতন ব্রিজটি নতুন ব্রিজ নির্মাণের কারণে ভেঙে ফেলায়। পরবর্তীতে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি। নির্মাণকাজে ধীরগতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।
স্বল্প সময়ের জন্য গ্রামের মানুষদের যাতায়াত সহজ করতে কাঠের একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু সময়ের সাথে সাথে সেটিও এখন প্রায় অকেজো হয়ে পড়েছে। স্থানীয়দের উদ্যোগে টুকটাক মেরামত করে কোনোমতে তা চালু রাখা হয়েছে।
বেগবতী নদীর এই অংশের পাশের রাস্তাটির অবস্থাও শোচনীয়। সামান্য বৃষ্টিতেই রাস্তায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, অনেক সময় রাস্তা তলিয়ে যায়। এতে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ যাত্রীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয় জনগণের দাবি, দ্রুত ব্রিজ নির্মাণকাজ সম্পন্ন করা হোক এবং রাস্তাটি পুনর্নির্মাণ বা সংস্কার করে এলাকাবাসীর স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করা হোক।
office@ukantho.com