প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ: নিহত-১, আহত-৪
উচ্চকন্ঠ 01-Jun-2025 56
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে মহব্বত আলী (৬০) নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। রোববার সকালে উপজেলার জামাল ইউনিয়নের অঙ্গিতের শ্মশান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে জামাল ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলামের সমর্থকদের সাথে বিএনপি’র অপর পক্ষ আরিফ, লিটন, ভুলু, আশরাফ মুহুরি, মাহাফুজ ও ঘ্যানা বাহিনীর প্রধান ঘ্যানার সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে কয়েকদিন ধরে নজরুলের বিরোধী পক্ষরা কোলাবাজার এলাকায় রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া প্রদর্শন করে আসছিল। এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন ৩১ মে ২০২৫ তারিখে উচ্চকন্ঠ নিউজে প্রচারিত হয়। রামদা মহড়ার ঘটনায় কয়েকদিন ধরেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিলো। রোববার সকালে ইউনিয়নের অঙ্গিতের শ্মশান ঘাট এলাকায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নজরুলের বিরোধী গ্রুপের অসংখ্য বোমাবাজী সহ আগ্নেয়াস্ত্রের গুলির শব্দও পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষের সময় বোমা হামলায় নজরুল পক্ষীয় লোকজন টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় নজরুল পক্ষের অন্তত ৫ জন আহত হয়। তাদেরকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মহব্বত আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়। দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে। বাকী ৪ জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
নিহতের পরিবার অভিযোগ করেছেন, গোপালপুরের ঘ্যানা বাহিনীর প্রধান যুবলীগ ক্যাডার বর্তমান নয়া বিএনপি নেতা ঘ্যানা ও তার বাহিনীর সদস্যরাই মহব্বতকে কুপিয়ে হত্যা করেছে। তারা হত্যাকারী ঘ্যানা ও তার বাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনার সংবাদ শুনেই ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
office@ukantho.com