জাতীয়
জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত
উচ্চকন্ঠ 20-Jun-2025 52
এফএনএস: জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৬ জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান ৬টি কমিশনসহ বিভিন্ন বিষয়ে যেসব সংস্কার কমিশন গঠন করে সেসব কমিশন সরকারের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ঐকমত্যের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে। তবে, যে সকল সংস্কার প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে পারে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত ২৫ মে এ সংক্রান্ত একটি পত্র বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রেরণ করেছে। পাঁচটি সংস্কার কমিশনের কাছ থেকে মন্ত্রিপরিষদ বিভাগে যে ১২১টি প্রস্তাব জমা পড়েছে, তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ৯টি, বিচার বিভাগ সংস্কার কমিশনের ৩৮টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের ৪৩টি, পুলিশ সংস্কার কমিশনের ১৩টি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবকে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। সভায় মূলত জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অপেক্ষাকৃত সহজে বাস্তবায়নযোগ্য আটটি প্রস্তাবকে অগ্রাধিকার দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসব প্রস্তাবের মধ্যে ছিল— মহাসড়কের পেট্রোল পাম্পগুলোতে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন সংক্রান্ত; মন্ত্রণালয়ের ওয়েবসাইটকে ডায়নামিক করা; কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন; কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র পরিচালনা; গণশুনানি; তথ্য অধিকার আইন; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পুনর্গঠন এবং ডিজিটাল রূপান্তর এবং ই-সেবা।
office@ukantho.com