প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে মুয়াজ্জিনকে হত্যার চেষ্টা করেছে খুনের আসামী যুবলীগনেতা সাদ্দাম
উচ্চকন্ঠ 19-May-2025 55
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর মেহেদী হত্যার এজাহারভুক্ত আসামী যুবলীগ নেতা সাদ্দাম জামিনে বেরিয়ে এসে আবারো এক মুয়াজ্জিনকে হত্যা করতে উদ্যত হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জানাযায় গত ১৬ মে সকালে গোহাটা মসজিদপাড়ার বাসিন্দা সাদ্দাম মৃত সাইফুদ্দিন মিয়ার গাছ থেকে চুরি করে আম পাড়ছিলো। সেসময় ঐ বাসার রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত গোহাটা জামে মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলাম সাদ্দামকে আম পাড়তে নিষেধ করে। এতে ক্ষুব্ধ সাদ্দাম তাকে ছুরিকাঘাত করতে উদ্যত হয়। আকস্মিক এ ঘটনায় হতবিহ্বল মুয়াজ্জিন দৌড়ে আত্মরক্ষা করে। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সাদ্দাম পালিয়ে যায়। এ ঘটনায় আতঙ্কিত মুয়াজ্জিন রফিকুল জীবনের ভয়ে ভীত হলেও থানায় অভিযোগ দিতে সাহসী হননি। উল্লেখ্য, প্রায় ২ বছর পূর্বে পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা সফর আলীর পুত্র মেহেদী হাসান (১৮)কে নিজ বাড়িতে ডেকে নিয়ে তার গলায় ছুরকাঘাত করে হত্যা করে যুবলীগ নেতা সাদ্দাম। এ হত্যার ঘটনায় সাদ্দামকে ১নং আসামী করে মামলা দায়ের হলেও সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের হস্তক্ষেপে সাদ্দামকে বাঁচাতে তার মানসিক প্রতিবন্ধী বড় ভাইকে ১নং আসামী ও তাকে ২নং আসামী করে তদন্ত রিপোর্ট দিতে বাধ্য হয় কালীগঞ্জ থানা পুলিশ। এ হত্যাকান্ডের ঘটনায় সাদ্দাম পালিয়ে গেলেও প্রায় ২ মাস পর র্যাব তাকে ময়মনসিংহ থেকে আটক করে। দীর্ঘ ৬ মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরে এসে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য বাদীর উপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। সম্প্রতি স্থানীয় মুয়াজ্জিনকে হত্যার জন্য উদ্যত হওয়ার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মুয়াজ্জিন রফিকুল সহ এলাকাবাসী অবিলম্বে সাদ্দামকে গ্রেফতার করে এ মহল্লায় স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে।
office@ukantho.com