প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে খেলার মাঠ বন্ধে প্রাচীর নির্মান চেষ্টার প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
উচ্চকন্ঠ 14-May-2025 53
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক:বিদ্যালয়ের সন্মুখে খেলার মাঠে প্রবেশ বন্ধে প্রাচির নির্মান চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিশু শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার নিশ্চিন্তপুর সরকারী ভূষন প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিশু শিক্ষার্থী ও শিক্ষকরা বিদ্যালয়ের সন্মুখে মানববন্ধনে অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীদের ভাষ্য, তাদের বিদ্যালয়ের সন্মুখ মাঠটি প্রাচির দিয়ে বন্ধ করা যাবে না। মাঠটি ঘিরে দিলে তারা আর খেলতে পারবে না। শিশু শিক্ষার্থীদের দাবী তারা মাঠ চায়, উন্মক্ত মাঠে খেলাধুলা করতে চায়।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা হোসেন রিপা বলেন, এ বিদ্যালয়টিতে প্রায় আড়াইশ শিশু শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের সন্মুখে উন্মুক্ত মাঠে শিশুরা খেলাধুলা করে থাকে। কিন্তু সরকারী নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ওই মাঠটি ঘিরে দিতে প্রাচির নির্মানের চেষ্টা করছে। তিনি বলেন, তার বিদ্যালয়ের সামনে প্রাচির দিলে মাঠটি অবরুদ্ধ হয়ে যাবে। বিদ্যালয়ের শিশুরা মাঠে প্রবেশ করতে পারবে না। তারা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। এজন্য তারা উর্ধতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে অংশ নেওয়া বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরও দাবী তাদের শিশু শিক্ষার্থীদের জন্য মাঠটি উন্মুক্ত রাখতে হবে। তারা যেন খেলাধুলা থেকে বঞ্চিত না হয়।
প্রাচির নির্মানের বিষয়টি জানতে সরকারী নলডাঙ্গা ভূষন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার বিদ্যালয়ের নিরাপত্তায় সরকারীভাবে একটি প্রাচির নির্মানের টেন্ডার হয়েছে। এটি নির্মানে প্রাথমিক কার্যক্রম শুরু হলে ভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে থেকে আপত্তি জানানো হয়। তারা বিষয়টির আইনানুগ অবস্থা জেনে ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।
office@ukantho.com