প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার পরলোক গমন
উচ্চকন্ঠ 23-Apr-2025 45
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ভাষা সৈনিক মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহা (৯০) পরলোক গত হয়েছেন। তিনি ২২ এপ্রিল মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।
মহান ৫২’র ভাষা আন্দোলনে ঝিনাইদহের যে সকল ভাষা সৈনিক সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে নন্দ দুলাল সাহা ছিলেন অন্যতম। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় তিনি নিজ হাতে পোস্টার লিখে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পোষ্টারিং করেছিলেন। উত্তাল সেই দিনগুলিতে মাতৃভাষা বাংলার দাবিতে শহরের বিভিন্ন এলাকায় তিনি ঝটিকা মিছিলে অংশ নেন। অন্যদিকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় ভাবে অংশগ্রহন করেছিলেন এই প্রবীণ ভাষা যোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি পাক হানাদারদের গুলিতে আহত হন। ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্র নিশ্চিত করেছে, বুধবার ২৩ এপ্রিল দুপুরে ঝিনাইদহ মহিষাকুন্ডু মহাশশ্মানে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা নন্দ দুলাল সাহার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
office@ukantho.com