বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না: হাসনাত

উচ্চকন্ঠ   14-Jan-2025   47

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ প্রশ্নে আমরা আপসহীন। ভারতের দাদাগিরি এই বাংলাদেশে আর চলবে না। দিল্লি থেকে ঢাকার মসনদ নির্ধারিত হবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রচারণা এবং লিফলেট বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, খুনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আপস হবে না। যারা ভাবছেন, তাদের নিয়ে নির্বাচন করবেন, তারা ভুল ভাবছেন। এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ আর আমরা বিপ্লবীরা একসঙ্গে থাকতে পারব না। আপনারা সিদ্ধান্ত নিন, আওয়ামী লীগ থাকবে নাকি বিপ্লবীরা থাকবে। তিনি বলেন, খুনি হাসিনার পুলিশ লীগ, র‌্যাব লীগ, ছাত্রলীগ, যুবলীগের বিরুদ্ধে শক্ত অবস্থানে থেকে আমরা খুনি হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কিন্তু পাঁচ মাসে এ বিপ্লব থেকে আমরা কী পেলাম। এখনো কোনো খুনির বিচার নিশ্চিত হয়নি। এখনো বিডিআর ও শাপলা চত্বর হত্যাকান্ডের বিচারকার্য নিশ্চিত হয়নি। আজ চাল ও তেলের দাম আকাশছোঁয়া। বারবার শুধু চাঁদাবাজির দোহাই দেওয়া হয়। এই বিপ্লব থেকে আমরা কী পেয়েছি? তিনি আরও বলেন, ছয় মাসেও আমরা দেখছি শুধু চাঁদাবাজি ও দখলবাজির পরিবর্তন হয়েছে। পোস্টারের পরিবর্তন হয়েছে। আমরা দেড় যুগেরও বেশি সময় বঞ্চিত ছিলাম। লেখকরা স্বাধীনভাবে লিখতে পারেননি। মিডিয়া স্বাধীনভাবে খবর প্রচার করতে পারেনি। রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে পারেনি। বছরের পর বছর তাদের কারাগারে রাখা হয়েছে। হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ব্যক্তিস্বার্থের কাছে মাথানত করে জাতীয় স্বার্থকে উপেক্ষা করছি। আমরা দখল ও চাঁদাবাজিতে মেতে উঠেছি। আমাদের দুই হাজারেরও বেশি ভাই শহীদ। হাজার হাজার ভাই আহত। আমাদের প্রবীণ রাজনৈতিক দলের নেতারা আজ ক্ষমতা দখলের জন্য মত্ত। এসব অভিজ্ঞ রাজনৈতিক দলের নেতাদের আমরা আহ্বান জানাই আপনারা পরবর্তী বাংলাদেশ গড়ে তোলার আগে তরুণদের সঙ্গে আলোচনা করুন। তিনি বলেন, ১৯৭১ সালের পর আপনাদের নেতৃত্বে আমাদের আস্থা ছিল। আমরা এখনও আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই। আমরা একসঙ্গে ২৪ পরবর্তী বাংলাদেশ গড়ব। কিন্তু সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে না। এদিকে, গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রচারণা ও লিফলেট বিতরণের সময় সংক্ষিপ্ত সমাবেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ফ্যাসিবাদের পক্ষে যে কলম লিখবে আমরা সেই কলম ভেঙে দেব। যে মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আপনারা যদি তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের মতোই আপনাদের পরিণতি হবে। হাসনাত বলেন, আমাদের পরবর্তী বাংলাদেশ হবে অতীতের রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের মনোভাবের সংমিশ্রণে। এখানে যদি তরুণদের মাইনাস করার চিন্তা থাকে তাহলে আমরা বলতে চাই, এ আন্দোলনে যত ক্রিয়াশীল ও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। আমরা বারবার বলেছি, সবার আগে আওয়ামী লীগের বিচার হতে হবে। যে-সব টকশোজীবী ও বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য সরব হয়েছেন, আপনারাই এতদিন ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি, আমাদের হারানোর কিছু নেই। বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা সেটা এখন সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আওয়ামী লীগের পুনর্বাসন হবে কিনা তার সিদ্ধান্ত হয়ে গেছে ৫ আগস্ট। হাসনাত বলেন, যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন করতে চান তাদের বলতে চাই, আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা প্রশ্ন নয়। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। বিচারের আগে যারা পুনর্বাসনের কথা বলবে, যারা বলবে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, আমরা ধরে নেব আওয়ামী লীগ যে জাহেলিয়াতের রাজনীতি কায়েম করেছিল তারাও তার দোসর ছিল। তিনি আরও বলেন, আমাদের রাস্তায় নেমে রক্ত দিতে হয়েছে। ভয়কে জয় করতে হয়েছে। আমাদের যে প্রতিহিংসার রাজনীতি তা তরুণদের যুগের পর যুগ আশাহত করেছে। রাজনৈতিক কাঠামো আমাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছে। এ ক্ষোভ থেকেই আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়েছি। হাসনাত বলেন, আমাদের আল্টিমেটাম ১৫ তারিখ পর্যন্ত। অন্তর্র্বতী সরকার আমাদের কমিটমেন্ট দিয়েছে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে প্রক্লেমেশন করা হবে। তবে দুঃখজনক হলো আমরা এখনও কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। আমাদের উপদেষ্টাদের বলতে চাই, আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের যদি মনে হয় এখানে কোনো বাধা আছে সেটা জনগণের কাছে প্রকাশ করুন। আমরা আবারও রাস্তায় নেমে আসবো।

office@ukantho.com


Photo

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি...

Photo

ক্ষমতার পালাবদলে বদলে গেছে রাজনৈতিক অবস্থান, শৈলকুপায় ইছহাক হোসেনকে নিয়ে তুমুল আলোচনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর...

Photo

অংশগ্রহণমূলক ভোটের পরিবেশ সৃষ্টিতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য

এফএনএস: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক...

Photo

ঝিনাইদহে ইটভাটার কারণে বিপজ্জনক সড়ক-একাধিক দুর্ঘটনা, আতঙ্কে পথচারী ও চালকরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত