জাতীয়
পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন: প্রেস সচিব
উচ্চকন্ঠ 10-Mar-2025 46
এফএনএস: পাচার হওয়া ২৩৪ বিলিয়ন টাকা ফিরিয়ে আনতে শিগগির আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। শফিকুল আলম জানান, ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে এক নম্বরে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, উচ্চশিক্ষার নামে এক সেমিস্টারে ৪০০ কোটি টাকা পাচার হয়েছে। শুধু এক ব্যক্তির সন্তানের টিউশন ফির মাধ্যমেই পাচার হয় এই টাকা। এসময় প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ৩৮ কোটি পাঠ্যপুস্তকের মধ্যে ৯৭ শতাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। মার্চের মধ্যে বাকি পাঠ্যপুস্তক বিতরণ সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, মঙ্গলবার থেকে আগামী বছরের পাঠ্যপুস্তক ছাপার প্রক্রিয়া শুরু হবে। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
office@ukantho.com