প্রিয় ঝিনাইদহ
অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই, আইনি বিচার হবেই -লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, সিও, এসআরবি-৬
উচ্চকন্ঠ 18-Oct-2026 11
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এ দেশে নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
আজ রবিবার সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালী মন্দির পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ সকালে ঝিনাইদহে পৌঁছান তিনি। পূজা উৎসবস্থল পরিদর্শনকালে মন্ডপের নিরাপত্তাব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পরবর্তীকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে খুলনা বিভাগের পূজা মন্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘খুলনা বিভাগের প্রতিটি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।’
তিনি আরও জানান, নিরাপত্তা বলয় জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজা মন্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
office@ukantho.com