প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে ডোবার পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু
উচ্চকন্ঠ 14-Oct-2026 14
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—যাদবপুর গ্রামের আশিকুর রহমানের মেয়ে হুমায়রা (৩) এবং একই গ্রামের বাবুর আলীর ছেলে নাহিয়ান (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশেই খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এদিকে, পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে দুপুরের দিকে ডোবার পানিতে প্রথমে হুমায়রার মরদেহ ভেসে ওঠে। বিষয়টি দেখতে পেয়ে তার দাদি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে ডোবার পানিতে নেমে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে সেখান থেকে নাহিয়ানের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, খেলাধুলার সময় অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে হুমায়রা ও নাহিয়ান অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যায়। প্রাথমিকভাবে পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।
office@ukantho.com