অপরাধ
ময়মনসিংহে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
উচ্চকন্ঠ 31-Aug-2026 24
এফএনএস: ময়মনসিংহে অটোরিকশা চালক নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ১৬ জানুয়ারি রাতে নাজিমের অটোরিকশায় যাত্রী হিসেবে ওঠেন পলাশ, নাসিম ও শাকিল। সুহিলা মধ্যপাড়া এলে ওই তিন জন নাজিমকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। আদালতের পুলিশ পরিদর্শক মুস্তাছিনুর রহমান জানান, সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে পলাশকে মৃত্যুদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নাসিম ও শাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন আদালত।
office@ukantho.com