প্রিয় ঝিনাইদহ
গাছ লাগানোর পর পরিচর্যা ও সুরক্ষায় ফিরোজের উদ্যোগ
উচ্চকন্ঠ 24-Aug-2026 23
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: শুধু গাছ লাগানোই নয়, লাগানো গাছের সঠিক পরিচর্যা ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন ঝিনাইদহ-৪ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
গত ২০২৫ সালে কালীগঞ্জ উপজেলার ছালাভরা থেকে সুন্দরপুর, সুন্দরপুর থেকে কমলাপুর এবং সুন্দরপুর থেকে খামারাইল সড়কের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে অসংখ্য তালের বীজ বপন করেন সাইফুল ইসলাম ফিরোজ। এক বছর পর সেসব বীজ থেকে চারা গজানোর পর চারাগুলোকে সুরক্ষিত রাখতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রোববার ও সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীরা সড়কের পাশে গজিয়ে ওঠা তালগাছের চারাগুলোর পরিচর্যা করেন। একই সঙ্গে বাঁশ ও নেট দিয়ে চারাগুলো ঘিরে দেওয়া হয়। এতে গবাদিপশুর বিচরণ থেকে চারাগুলো রক্ষা পাবে এবং নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ তৈরি হবে।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমরা শুধু গাছ লাগাই, কিন্তু পরবর্তীতে খুব কমই সেগুলোর পরিচর্যা করি। অথচ গাছ লাগানোর পর সেগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। তাহলেই একটি ভালো উদ্যোগ পূর্ণতা পাবে। ইনশাআল্লাহ, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে লাগানো তালগাছের চারাগুলো বড় হলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে ভবিষ্যতে সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
office@ukantho.com