প্রিয় ঝিনাইদহ
রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ
উচ্চকন্ঠ 20-Jul-2026 25
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিনি এ দায়িত্ব পালন করবেন।
এতে আরও বলা হয়, রাশেদ খাঁনের এ চুক্তিভিত্তিক নিয়োগ মাননীয় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে, যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, সরকারি আবাসন পরিদপ্তর, সরকারি যানবাহন অধিদপ্তর, বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এদিকে নিয়োগের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তাঁর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন।
তিনি আরও লেখেন, বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেই দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। জীবনের এই নতুন পথচলায় দেশবাসীর সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।
office@ukantho.com