প্রিয় ঝিনাইদহ
বরো দফা দাবিতে ঝিনাইদহে ওজোপাডিকো কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভ
উচ্চকন্ঠ 27-Jun-2026 25
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অর্গানোগ্রাম সংশোধন, আউটসোর্সিং নিয়োগ ব্যবস্থা বাতিল, স্থায়ী নিয়োগ চালু এবং নতুন পে-স্কেল বাস্তবায়নসহ বারো দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর কর্মকর্তা-কর্মচারীরা|
শনিবার (২৭জুন) সকালে ঝিনাইদহে ওজোপাডিকোর কার্যালয় চত্বরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| পরে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আন্দোলনরত কর্মীরা|
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের ঝিনাইদহ শাখার সাধারণ সম্পাদক মো. জিয়াবুল হক| এ সময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, যুববিষয়ক সম্পাদক জাবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা|
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ওজোপাডিকোতে জনবল সংকট ও পদসংক্রান্ত নানা জটিলতা বিরাজ করছে| অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদের সংখ্যা বৃদ্ধি, আউটসোর্সিং ও অস্থায়ী নিয়োগ ব্যবস্থা বাতিল এবং যোগ্য কর্মীদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি| একই সঙ্গে পে-স্কেল বাস্তবায়নসহ বারো দফা দাবি দ্রুত কার্যকর করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা|
নেতারা আরও বলেন, কর্মীদের ন্যায্য দাবিগুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত হওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বাড়ছে| দ্রুত দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা|
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখর হয়ে দাবি আদায়ের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন|
office@ukantho.com