প্রিয় ঝিনাইদহ
রাতের আঁধারে ফলন্ত মাল্টা বাগান কেটে রাস্তা নির্মাণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
উচ্চকন্ঠ 08-May-2026 54
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাতের আঁধারে একটি ফলন্ত মাল্টা বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মো. ওলিয়ার রহমানের প্রায় ৭ বিঘা জমিতে মাল্টা, কলা ও পাটের চাষ রয়েছে। জমিটির পাশ দিয়ে দীর্ঘদিন ধরে একটি সরু চলাচলের পথ ব্যবহার করে আসছিল স্থানীয়রা।
ভুক্তভোগীর অভিযোগ, গত ৪ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অভিযুক্তরা ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে তার ফলন্ত মাল্টা বাগানের গাছ কেটে সেখানে প্রায় ১২ ফুট চওড়া ও ৮০০ ফুট দীর্ঘ একটি রাস্তা নির্মাণ করে।
ওলিয়ার রহমান জানান, সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান তার বাগানের বহু গাছ কেটে রাস্তা তৈরি করা হয়েছে। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। পরে স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, অভিযুক্ত ব্যক্তিরাই এ ঘটনার সঙ্গে জড়িত।
এ ঘটনায় গাড়াবাড়িয়া গ্রামের মোমিনুর রহমান, মুকুল, মইদুল খা, রিপন, আব্দুল আলিম পারো এবং পাশের গোপালপুর গ্রামের স্বপনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস ও আব্দুল হামিদসহ একাধিক ব্যক্তি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন।
এ বিষয়ে মহেশপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
office@ukantho.com