প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে বাওড়ে মাছ ধরতে গিয়ে পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু
উচ্চকন্ঠ 25-Mar-2026 56
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বাওড়ে মাছ ধরতে গিয়ে আশিক আহম্মেদ (২৮) নামে এক পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।
নিহত আশিক আহম্মেদ নওগাঁ জেলার বাসিন্দা এবং ঝিনাইদহ পুলিশ লাইন্সের মোটরযান শাখায় ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পুলিশ লাইন্সের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল আরিফ হোসেন মুন্সী ও চালক আশিক আহম্মেদসহ একটি দল সরকারি ডাবল কেবিন পিকআপে করে মহেশপুর থানায় দাপ্তরিক কাজে আসেন। কাজ শেষে বিকেল ৩টার দিকে তারা পার্শ্ববর্তী নস্তি বাওড়ে ছিপ দিয়ে মাছ ধরতে যান।
মাছ ধরার এক পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে আশিক আহম্মেদ বিষাক্ত প্রাণীর কামড়ে আক্রান্ত হন বলে জানা যায়। এ সময় সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নস্তি গ্রামের প্রত্যক্ষদর্শী নিত্য হালদার ও নায়েব আলী জানান, পুলিশ সদস্যরা বাওড়ে মাছ ধরতে নামার পরই আশিক বিষাক্ত প্রাণীর কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার পায়ে সাপে কাটার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে এবং হাতের নখ নীল হয়ে গিয়েছিল। প্রাথমিকভাবে এটি সাপে কাটার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাপ্তরিক কাজ শেষে পুলিশ সদস্যরা বাওড়ে গেলে সেখানে আশিক অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের পর জানা যাবে, তবে সাপে কাটার জোরালো সম্ভাবনা রয়েছে।
বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাইদহ থেকে পুলিশের একটি বিশেষ গাড়ি এসে হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।
office@ukantho.com