প্রিয় ঝিনাইদহ
ঈদ কেনাকাটায় ঝিনাইদহে কসমেটিকস দোকানে তরুণীদের উপচে পড়া ভিড়, জমজমাট বেচাকেনা
উচ্চকন্ঠ 18-Mar-2026 113
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের শেষ প্রহর ঘনিয়ে আসতেই ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহের বাজারগুলোতে বইছে উৎসবের আমেজ। জেলার ছয়টি উপজেলার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কসমেটিকস ও গিফটের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে তরুণীদের উপস্থিতিতে বাজারগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
জেলা শহরের জনপ্রিয় বিপণিকেন্দ্র মৌসুমি বিতান, গিফট কর্ণার, সেঁজুতি বিতান ও তন্দ্রা বিপনি-বিতানসহ সদর উপজেলার বিষয়খালী বাজারের বিভিন্ন দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় অব্যাহত রয়েছে। একই চিত্র দেখা গেছে স্বাধীন বিতান, অনিক বিতান, শেখ জেনারেল অ্যান্ড কসমেটিক ও আঁখি স্টোরেও। ঈদকে ঘিরে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা।
নূরুন নাহার মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফিয়া খাতুন বলেন, “ঈদের আনন্দটা নতুন করে সাজগোজের মধ্যেই। তাই ভিড় থাকলেও শেষ সময়ে কেনাকাটার আলাদা একটা আনন্দ রয়েছে।”
সরকারি কেশবচন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী লাভলী খাতুন জানান, “ঈদের দিন সবাই নিজেকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চায়। তাই বন্ধুদের সঙ্গে এসে প্রয়োজনীয় প্রসাধনী কিনছি।” ব্যবসায়ীরাও সন্তুষ্ট বিক্রি নিয়ে।
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বাদশা বলেন, “ঈদকে কেন্দ্র করে বাজার এখন জমজমাট। বিশেষ করে কসমেটিকস ও গিফট আইটেমের চাহিদা কয়েকগুণ বেড়েছে, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর।”
নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল। তিনি বলেন, “ঈদ উপলক্ষে বাজারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ করে নারী ক্রেতারা যেন নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক আছি।”
তন্দ্রা বিপনি-বিতানের ম্যানেজার চঞ্চল জানান, “সকাল থেকেই ক্রেতাদের চাপ বাড়ছে। তরুণীদের উপস্থিতি বেশি এবং বিভিন্ন ধরনের কসমেটিকস পণ্যের চাহিদা চোখে পড়ার মতো।”
অন্যদিকে মৌসুমি বিপনির কর্মচারী আকাশ বলেন, “ঈদের আগের এই সময়টাতে বিক্রি সবচেয়ে বেশি হয়। গত কয়েক দিনের তুলনায় আজ ক্রেতা অনেক বেড়েছে, তাই আমরা বেশ ব্যস্ত সময় পার করছি।”
ঈদকে সামনে রেখে লিপস্টিক, মাসকারা, আইলাইনার, ভ্রুপেন, ইমিটেশন গহনা, চুড়ি ও মেহেদিসহ বিভিন্ন প্রসাধনীর চাহিদা বেড়েছে বহুগুণ। পাশাপাশি ফাউন্ডেশন, কনসিলার, ফেস পাউডার, ব্লাশ, হাইলাইটার, আইশ্যাডো, লিপ গ্লস, নেইল পলিশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন, পারফিউম ও হেয়ার কেয়ার পণ্যও ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে।
ব্যবসায়ী ও ক্রেতাদের প্রাণচাঞ্চল্যে ঝিনাইদহের বাজারগুলো এখন যেন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে, যা ঈদের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলছে।
office@ukantho.com