সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনি অঙ্গীকার পূরণে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

উচ্চকন্ঠ   28-Feb-2026   66

Photo

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি রাজনৈতিক দলের একটি ইশতেহার থাকে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। তাই জনগণের সেই প্রত্যাশা পূরণে সবাইকে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে হবে। এক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর তাদের সঙ্গে এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম মতবিনিময় সভা। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ ইশতেহারে উল্লেখিত অগ্রাধিকারভিত্তিক এজেন্ডাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয় সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, দেশের মানুষ সরকারের দিকে অনেক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। কর্মকর্তা-কর্মচারীরাও সরকারের অংশ। সরকার তখনই ভালো করবে, যখন আপনারা সহযোগিতা করবেন। আমরা এই দেশকে আমাদের প্রথম ও শেষ ঠিকানা মনে করি। তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমাদেরই কাজ করতে হবে। দেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে কাজ করলে লক্ষ্য অর্জন সম্ভব। দুর্নীতি দূরীকরণেও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ, রাশেদ আল মাহমুদ তিতুমীর, হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদ উর রহমান ও ড. মাহ্দী আমিন উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী কার্যালয়ের গঠন ও কার্যাবলি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী দেশ ও রাষ্ট্রের স্বার্থে গোপনীয়তা রক্ষা এবং সরকারি নিয়ম-নীতি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেন। জাতিকে সুশৃঙ্খল পথে এগিয়ে নিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

office@ukantho.com


Photo

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: জামায়াত আমির

এফএনএস: দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য...

Photo

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

ঝিনাইদহে প্রভাবশালীদের হুমকি উপেক্ষা করে খালপারের অবৈধ স্থাপনা উচ্ছেদ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহ...

Photo

অবশেষে ধরা খেলেন ডা: নুরুল ও দালাল আশরাফ

নিজস্ব প্রতিবেদক: এক সময়ের চরমপন্থী নেতা হাল আমলের উপজেলা বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত