রাজনীতি
সাধারণ যাত্রীদের সঙ্গে যানজটে তারেক রহমানের গাড়ি বহর
উচ্চকন্ঠ 18-Feb-2026 63
এফএনএস: ভিভিআইপি প্রটোকল পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তিনি রাস্তা আটকে (রোড ব্লকিং টু ভিভিআইপি মুভমেন্ট) বিশেষ সুবিধায় যাতায়াত করছেন না। জিয়া উদ্যানে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে সাধারণ যাত্রীদের মতো যানজট ঠেলে তার গাড়ি বহরকে সামনে এগিয়ে যেতে দেখা গেছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান দেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানিয়ে জিয়া উদ্যান থেকে বের হওয়ার পথে প্রধানমন্ত্রী উপস্থিত জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর তিনি গাড়ি সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাপথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরকে যানজট ঠেলে এগিয়ে যেতে দেখা যায়। সাধারণত ভিভিআইপি প্রটোকল নিয়ে চলা ব্যক্তিদের চলাচলের আগে সড়ক খালি করা ও সাধারণের চলাচল বন্ধ করতে দেখা যায়। জানা গেছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের সময় সড়কে জনসাধারণের যাতায়াতে যেন দুর্ভোগ না হয় সে বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আইজিপি নিজেই গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তার চলাচলের কারণে যেন সাধারণ জনগণের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি না হয়-সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। ট্রাফিক ব্যবস্থা যেন স্বাভাবিক থাকে, সে বিষয়টি তিনি আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এদিকে গতকাল বুধবার ছিল নতুন সরকারের প্রথম কর্মদিবস। এদিন ঢাকা মহানগরজুড়ে সড়কে সড়কে লক্ষ্য করা গেছে ট্রাফিক পুলিশের ব্যাপক তৎপরতা। রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক সদস্যদের। ঢাকার মৌচাক মোড়ে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন, নতুন সরকারের প্রথম দিন। ট্রাফিক পুলিশ সব সময়ই সড়কে তৎপর থাকে, তবে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেওয়ার প্রথম দিনে বাড়তি তৎপরতা থাকা স্বাভাবিক। এছাড়া কড়া নির্দেশনা আছে।
office@ukantho.com