রাজনীতি
ভোটে যদি কেউ ইঞ্জিনিয়ারিং করতে চায় আমরা ছাড় দিয়ে কথা বলব না-ডা. শফিকুর রহমান
উচ্চকন্ঠ 06-Feb-2026 70
কাজী আতিকুর রহমান, নড়াইল প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই। আমরা শুধু জামায়াত বা দাঁড়িপাল্লার বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চাই। রাজনীতিকে যারা ব্যবসার পণ্য মনে করেন, তারা কখনো দেশকে গড়ে তুলতে পারবেন না। আর পুরানো রাজনীতিতে ফিরে যেতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। রাজনৈতিক নেতৃত্বে সততা আর সদিচ্ছা থাকলে সমাজ পাল্টাতে সময় লাগে না।
শুক্রবার (৬ ফ্রেব্রুয়ারি) বিকেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন-নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ও জেলা আমির আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনা করেন-নড়াইল-১ আসনে জামায়াতের এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। জনসভায় তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে ডা. শফিকুর রহমান।
তিনি আরো বলেন, কোনো কালো শকুন একটি মানুষের ভোটও যেন ছো মেরে নিতে না পারে সেদিকে সবাই খেয়াল রাখতে হবে। যদি কোনো দুর্বৃত্ত অন্য কোনো নাগরিকের ভোটের দিকে হাত বাড়ায় বা কেউ যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলব না।
জনসভায় আরো বক্তব্য দেন-জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও নড়াইলের সাবেক জেলা আমির মাওলানা আশেক ইলাহী, জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার জাকির হোসাইন, জামায়াত নেতা শামসুর রহমান, খেলাফত মজলিস নেতা হাফেজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মহসিন হোসাইন, মাওলানা আব্দুল হান্নান সরদার, জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার আহবায়ক ডা. পতিত পাবন বিশ্বাস, এনসিপি নেত্রী মাহমুদা সুলতানা রিমি, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনসহ অনেকে।
উল্লেখ্য জামায়াতের আমির বরিশালের ঝালকাঠি জেলার জনসভা শেষে হেলিকপ্টার যোগে বিকাল ৫ টার সময়ে নড়াইলে পৌঁছান এবং ৫ টা ৪০ মিনিটে ফরিদপুর জনসভার উদ্দেশ্য রওনা হন।#
office@ukantho.com