প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন
উচ্চকন্ঠ 05-Feb-2026 68
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতের স্নিগ্ধ সকালে ঝিনাইদহের অন্যতম বিদ্যাপীঠ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বসেছিল তারুণ্যের মিলনমেলা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের কলকাকলি আর উৎসবমুখর পরিবেশে দিনটি রূপ নিয়েছিল এক আনন্দ উৎসবে।
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার কামরুজ্জামান।
অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বদের সরব উপস্থিতি আয়োজনকে আরও মহিমান্বিত করে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু সহ প্রতিষ্ঠানের একঝাঁক নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
খেলার মাঠে শিক্ষার্থীদের ক্ষিপ্রতা আর নৈপুণ্য যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি বিকেলের সাংস্কৃতিক আয়োজন ছড়িয়েছে মুগ্ধতার রেশ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মায়াজাল বোনেন জেলা সাংস্কৃতিক পরিষদ ও জাসাস-এর বরেণ্য শিল্পীবৃন্দ। তাদের মনকাড়া গানে ও ছন্দে বিমোহিত হন উপস্থিত সকলে।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, কেবল পাঠ্যবইয়ের পাতায় নয়, বরং খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমেই গড়ে ওঠে একজন পূর্ণাঙ্গ মানুষ। ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ সেই ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের মননশীল করে তুলছে।
পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটলেও শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল বিজয়ের আনন্দ আর আগামীর সুন্দর স্বপ্ন।
office@ukantho.com