প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহের জুলাই শহিদ রাকিবুলের বাবা-মায়ের দাবি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের
উচ্চকন্ঠ 18-Nov-2025 61
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রাকিবুলের বাবা-মায়ের দাবি শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের। ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া রায়ের পর শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন ঝিনাইদহের শহিদ রাকিবুল হোসেনের বাবা-মা।
সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহিদ রাকিবুল হোসেনের বাবা আবুবকর সিদ্দিক ও মা হাফিজা খাতুন সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।
জুলাই শহিদ রাকিবুলের বাবা আবুবকর সিদ্দিক বলেন, “শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ জুলাই গণহত্যার সঙ্গে যুক্ত সকলের ফাঁসি নিশ্চিত করতে হবে। যারা বিদেশে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজ আমরা খুশি। শেখ হাসিনা বহু মায়ের বুক খালি করেছে। একজন নারী হয়েও সে কিভাবে এত মানুষের সন্তান হত্যার আদেশ দিয়েছে, তা আমাদের বুঝে আসে না।”
জুলাই শহিদ রাকিবুলের মা হাফিজা খাতুন বলেন, “শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিল। আদালতে আজ সব অভিযোগ প্রমাণিত হয়েছে। শহিদের মা হিসেবে আমি আংশিক সন্তুষ্ট। আল্লাহ যেন আমাকে হায়াত দেন। আমি যেন শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখে যেতে পারি।”
উল্লেখ্য, গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ১৮ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরে বিক্ষোভে অংশ নেন ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেন। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তিনি ঢাকার বনানীর একটি জুট মিলে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। জুলাই শহিদ রাকিবুলের গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে।
office@ukantho.com