বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

উচ্চকন্ঠ   16-Nov-2025   75

Photo

এফএনএস: যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাঁচদিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরণের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। রোববার বিকালে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপকমিশনারসহ তিনজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি ওয়্যারলেসে বলেছি যে কেউ বাসে আগুন দিলে, ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে। এটা আমাদের আইনেই বলা আছে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায় ঘনিয়ে আসায় ১০ থেকে ১৩ নভেম্বর বিক্ষোভ ও ঢাকা লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। এই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। শেখ হাসিনার মামলার রায় আজ সোমবার ঘোষণার দিন ধার্য করা হয়। এ দিনটি ঘিরে আওয়ামী লীগ অনলাইনে রোববার থেকে দুই দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গত শনিবার রাত থেকেই ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একজন উপকমিশনার বলেন, স্যারের মেসেজটা ছিল যদি কেউ পুলিশের ওপর ককটেল মেরে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে যেন গুলি করে হলেও তাকে থামানো যায়। উপকমিশনার তার মতো করে নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, ব্যাপারটা হচ্ছে, যে অবস্থা তৈরি হয়েছে তাতে মাঠে কাজ করা পুলিশেরও নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অতীতেও এ ধরনের রাজনৈতিক জ্বালাও-পোড়াওয়ের সময় অন্যতম টার্গেট হয়েছিল পুলিশ। সেই প্রেক্ষাপট থেকে পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার জন্য স্যার এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন। বিকেলে ডিএমপি সদর দপ্তরে গিয়ে দেখা যায়, কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কক্ষে কয়েকজন কর্মকর্তা এ বিষয়টি নিয়ে কথা বলছিলেন। ওই কর্মকর্তা দন্ডবিধির বই থেকে ৯৬ থেকে ১০৬ ধারাগুলো বের করে দেখান, যেখানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলা হয়। দন্ডবিধির ৯৬ ধারায় বলা হয়েছে, ব্যাক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনকিছুই অপরাধ নহে।
গত সপ্তায় চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিংয়ের পর দিশেহারা নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলি করে হত্যার নির্দেশ দেন। গেল ১১ নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার। এর পরদিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, দেশের সংবিধান যেকোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয়তা দেয়। সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

office@ukantho.com


Photo

কলাবাগানে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

এফএনএস: রাজধানীর কলাবাগানে ছয় তলা ভবন থেকে পড়ে আবিদ আহনাফ চৌধুরী (১৭)...

Photo

রমজানে নিত্যপণ্যের মুল্য স্বাভাবিক রাখতে ঝিনাইদহে ব্যবসায়ীদের লিফলেট বিতরণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: অতিমুনাফা, কৃত্রিম...

Photo

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ, সালিশে জরিমানা দেড় লাখ টাকা

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে নানির বাড়ি বেড়াতে গিয়ে দ্বিতীয় শ্রেণিতে...

Photo

ঝিনাইদহে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক আ. লীগ নেতাকে জিম্মি করে চাঁদাবাজি, আটক ৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ‎ঝিনাইদহের মহেশপুরে সাজ্জাদুল ইসলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত