অপরাধ
বাড়ির নীচের বিশেষ সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
উচ্চকন্ঠ 11-Nov-2025 80
এফএনএস: নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খোকনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনদন্ডী গ্রামের ফারুকী পাড়ার মৃত আহমদ মিয়ার ছেলে। বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফর রহমান বলেন, বোয়ালখালী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন খোকনকে গ্রেপ্তারে বেশ কিছুদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। মঙ্গলবার ফজরের নামাজ পরেই খোকনের বাড়ি এলাকায় অবস্থান করে পুলিশ। সে বাড়িতে প্রবেশ করার পর পরই অভিযান শুরু করা হয়। তবে পুরো ঘর দীর্ঘক্ষণ তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। ঘর থেকেও বের হয়নি। তাহলে গেলো কোথায়- বিষয়টি আমাদের চিন্তিত করে। পরে বাড়িতে লাগানো কয়েকটি টাইলস মনে হলো কিছুটা আলগা। টাইলস সরাতেই দেখা মেলে মাটির নিচে এক সুড়ঙ্গ। যেখানে খোকন লুকিয়ে ছিল। পরে তাকে ওই সুড়ঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গত বছরের ৫ আগস্টের পর খোকন নিজ বাড়িতে এ গোপন সুড়ঙ্গ কক্ষ তৈরি করেছিল। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়া যায়। স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান খোকন। তবে আত্মগোপনে থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কর্মকান্ডে সরব ছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।
office@ukantho.com