অন্যান্য
হঠাৎ কক্সবাজারে ৬ এনসিপি নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুজব
উচ্চকন্ঠ 05-Aug-2025 32
এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তির দিনে পূর্বঘোষণা ছাড়াই রহস্যজনকভাবে কক্সবাজারে গিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় ছয় নেতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নং-বিজি-৪৩৩ যোগে তারা কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা হলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ ও সদস্য আয়শা খানম। নিজেদের আড়াল করতে তারা সবাই মুখে মাস্ক পরে বিমানবন্দর থেকে বেরিয়ে যান বলে বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। নির্ধারিত কোনো গাড়ির পরিবর্তে বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি নোহা মাইক্রো ভাড়া করে এনসিপির এ ছয় নেতা মেরিন ড্রাইভ দিয়ে ইনানীর হোটেল সি পার্ল অ্যান্ড স্পাতে উঠেন বলে জানান ভাড়ায় যাওয়া সেই নোহা গাড়ির চালক। বিমানবন্দর এলাকায় নোহা চালক বলেন, ছয়জনের টিম মুখে মাস্ক পরে বিমানবন্দর বেরিয়ে গাড়ি পার্কিং এলাকায় আসেন। তারা ভাড়া যাবো কিনা না জানতে চেয়ে গাড়িতে উঠে ইনানীর সি পার্ল হোটেলে যান। আমি তাদের সি পার্লে নামিয়ে দিয়ে চলে এসেছি। তবে, ঢাকায় জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তির দিনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেয়ার পরিবর্তে কেন তারা কক্সবাজার এসেছেন তার কোন সঠিক বিবরণ মিলছে না। কিন্তু গুজব রয়েছে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে তারা অনির্ধারিত সিডিউলে কক্সবাজার এসেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার পাবার পর উৎসুক জনতা ইনানীর সি-পার্ল হোটেলের বাইরে ভীড় জমান। এদিকে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কয়েকজন নেতা কক্সবাজার গেছেন বলে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর ছড়ায়, সেটিকে ‘গুজব’ বলে দাবি করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, কারও সঙ্গে দেখা করতে নয়, হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে আসছি। তিনি বলেন, জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি। এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন, এ ধরনের কোনো কিছুই না, মিডিয়া প্রোপাগান্ডা। নাসীরুদ্দীন দাবি করেন, এখানে আইসা শুনছি যে পিটার হাসের সাথে নাকি আমরা দেখা করতে আসছি। এরকম হলে তো আমরা ঢাকাই ই দেখা করতে পারতাম। যদি দেখা করার ইচ্ছা থাকতো। এছাড়া জুলাই অভ্যুত্থানের বছর পূর্তিতে যখন রাষ্ট্রীয় নানা কর্মসূচি চলছে তখন এনসিপি নেতাদের এই সফর নিয়েও নানা সমালোচনা শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানের রাষ্ট্রীয় কর্মসূচিতে তারা অংশ নেবেন কিনা এই প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের আহ্বায়ক, সদস্য সচিবের দাওয়াত কার্ড এসেছে, অ্যাজ ফার আই নো, দলের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল সেখানে যাবে। তিনি বলেন, যাদের বলা হয়েছে প্রত্যেকটি দল থেকে একটা ছোট ছোট প্রতিনিধি দল যাচ্ছে, আমাদেরও তাই। মঙ্গলবার দুপুরে এনসিপির কয়েকজন নেতার কক্সবাজার সফর ঘিরে নানা আলোচনা শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে কক্সবাজার গেছেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা এবং নাসিরুদ্দীন পাটওয়ারী।
office@ukantho.com