অপরাধ
ভোলায় নৌবাহিনীর অভিযানে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ আটক ২
উচ্চকন্ঠ 19-Jul-2025 51
এফএনএস: ভোলার মনপুরায় এক শিশুকে (ছেলে) ধর্ষণের ঘটনায় অভিযুক্তসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া প্রায় ২৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন ভুলার মনপুরা উপজেলার এক শিশুকে স্থানীয় জালের দোকানের ম্যানেজার মো. ইলিয়াস হোসেন (২৮) কৌশলে ধর্ষণ করে। পরে বৃহস্পতিবার ভুক্তভোগীর মা বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মনপুরায় স্থানীয় বাজার এলাকায় অভিযান চালায় নৌবাহিনী। অভিযানে মো. ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও দোকানের কাছে অবস্থিত একটি গোপন জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়; যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। অভিযানে নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানার পুলিশ, ইউএনও ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে ওই জালের গোডাউন বন্ধ করে অবৈধ জাল পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি আটক দুই জনকে আইনি প্রক্রিয়ার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশব্যাপী মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
office@ukantho.com